প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
সিলেটে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আলোচিত পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের অন্যতম হোতা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল ওয়াদুদ ওরফে আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। খবর সংগ্রহ করতে সেখানে স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে ভিডিও ধারণ করার সময় আলফু মিয়া ও তার অনুসারীরা ‘ইমজা নিউজ’ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় তারা সাংবাদিকদের মোবাইলফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।