প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
বাস-অটোরিকশার সংঘর্ষ মায়ের সঙ্গে প্রাণ গেল দুই মেয়ের
সিলেট এডিশন ডেস্ক
নেত্রকোনা প্রতিনিধ : নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। রবিবার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৩৩) এবং তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ইতি আক্তার (১০)। নূরজাহান ওই গ্রামের আইনুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহর থেকে চল্লিশাগামী একটি অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘মহুয়া’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে স্মৃতি আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার মা নূরজাহান বেগম ও মেয়ে ইতি আক্তারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরো তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।