প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
জাল দলিলে সরকারি জমি দখলের অভিযোগ, আটক ৩
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর বাগবাড়ী নরশিংটিলা এলাকার ৮ নম্বর গলিতে অর্পিত সম্পত্তি জবরদখলের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম নুনু মিয়ার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত এবং অ্যাডভোকেট গোলাম মর্তুজার লিজকৃত একটি প্লট জবরদখলের অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আটককৃতদের মধ্যে রয়েছেন কথিত ভূমিখেকো চক্রের গডফাদার হিসেবে পরিচিত আঙ্গুর মিয়ার শালীসহ তিনজন। এর আগে আদালতের নির্দেশে এস.এম নুনু মিয়ার সংশ্লিষ্ট দলিল জব্দ করে পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়।
ভুক্তভোগী অ্যাডভোকেট গোলাম মর্তুজার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রাশেদ জানান, আঙ্গুর মিয়ার ভাই নুনু মিয়া এক নারীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্পিত সম্পত্তির ভূমি অবমুক্তি দেখিয়ে ভুয়া দলিল তৈরি করেন। পরে সেই জাল দলিলের মাধ্যমে সরকারি লিজকৃত জায়গা দখল করে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় নুনু মিয়া ও আঙ্গুর মিয়া দলীয় প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা রেজা এবং তার সশস্ত্র সহযোগীদের নিয়ে প্রকাশ্যে আমাদের সরকারি লিজকৃত জমি দখল করে নেয়। অথচ আমাদের লিজের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বৈধ ছিল এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে।”
অ্যাডভোকেট রাশেদ অভিযোগ করেন, জায়গা দখলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।