প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য অফিসে দুর্নীতির মহোৎসব অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম
সিলেট এডিশন ডেস্ক
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে| সরকারি নির্দেশনা অমান্য করে নিজের ইচ্ছামতো অফিসে আসা-যাওয়া, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও চলছে তীব্র সমালোচনা| অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নামমাত্র কাজ করিয়ে ঠিকাদারদের সঙ্গে বিলের টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে| আজমিরীগঞ্জ সদর, জলসুখা, বদলপুর, কাকাইলছ ও শিবপাশা ইউনিয়নে টুইন পিট ল্যাট্রিন, আর্সেনিকমুক্ত টিউবওয়েল, গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে| স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে একই অফিসে দায়িত্ব পালন করায় তিনি প্রভাবশালী হয়ে ওঠেন|
এ সুযোগে সরকারি দায়িত্বের পাশাপাশি পরোক্ষভাবে ঠিকাদারিতেও নিজেকে জড়িয়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে| একই স্টেশনে দীর্ঘদিন অবস্থান করায় পুরো জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে তিনি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের| অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় নলকূপ বরাদ্দের নামে ব্যাপক অনিয়ম ও হরিলুট করা হয়েছে| সরকারি নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে অধিকাংশ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিদের নামে| এছাড়া গভীর নলকূপ ও মিনি ট্রিটমেন্ট প্ল্যান্টের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে| অনেক ক্ষেত্রে সরকারি টিউবওয়েল বসানো হয়েছে ব্যক্তিগত পাকাঘর কিংবা গোয়ালঘরের পাশে| ফলে অধিকাংশ স্থাপনার স্ট্রাকচার ইতোমধ্যে ভেঙে পড়েছে| তবে এসব মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি| আরও অভিযোগ রয়েছে, সরকারি বাসা বরাদ্দের নিয়মনীতি না মেনে সরকারি অফিসকেই ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করছেন রবিউল আলম| পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি সুবিধাও ভোগ করছেন বিনামূল্যে|
এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন এটা চলমান প্রকল্প আলমগীরের বিষয়টি শীগ্রই সমাধান হয়ে যাবে| দূণীতির বিষয়ে বলেন সব মিথ্যা, বানোওয়াট ও উদ্দেশ্য প্রণোদিত|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।