প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
গোয়াইনঘাটে মাদকবিরোধী গণসচেতনতা অভিযান : যুবসমাজকে রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান
এম এ জুনেদ,গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদক সেবন প্রতিরোধে গণসচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। “এসো সবাই হাত ধরি, মাদকমুক্ত এলাকা গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ মে ২০২৬) গোয়াইনঘাট সদর ইউনিয়নের ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে কর্মসূচিটির আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন গোয়াইনঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ওয়ার্ল্ড ভিশন-এর এপি ম্যানেজার সেলি তেরেজা কস্তা, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ও সহকারী শিক্ষক মো. নুরুল হুদা, প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার বিজয়া চিসিম এবং আলোকিত গোয়াইনঘাট উপজেলা যুব ফোরামের সভাপতি রায়হান উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, কিশোর-কিশোরী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে মাদক নির্মূল সম্ভব নয়-পরিবার, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এসময় গণসচেতনতা প্রচারণায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো কর্মসূচিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।