প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
কখনো সোর্স কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি সাদ্দাম তুমি কার?
সিলেট এডিশন ডেস্ক
সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকায় রাশেদ আহমেদ সাদ্দামকে ঘিরে বাড়ছে জনঅসন্তোষ ও উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন বিরোধে প্রভাব খাটানোই তার মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, যে দল ক্ষমতায়, সাদ্দাম সেই দলের লোক। স্থানীয় সূত্রগুলো জানায়, অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে নতুন প্রভাব বলয় তৈরির চেষ্টা করছেন তিনি। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো, জমিজমা সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ এবং এলাকায় অঘোষিত চাপ সৃষ্টি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের আরও দাবি, সাদ্দাম নিজেকে কখনো শাহপরান থানা পুলিশের সোর্স, আবার কখনো কোনো পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসব পরিচয় ব্যবহার করে এলাকায় ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অনেকেই তাকে “থানার দালাল” হিসেবেও উল্লেখ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “সাদ্দামের কারণে এলাকায় অস্থিরতা ও বিভক্তি বাড়ছে। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়।
অভিযোগ রয়েছে, প্রবাসীদের সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, বিতর্কিত নামজারি এবং সীমানা সংক্রান্ত অসঙ্গতি নিয়েও আলোচনায় এসেছে একটি চক্র। এসব ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সচেতন মহলের মতে, রাজনৈতিক ছত্রছায়া বা প্রশাসনিক পরিচয়ের অপব্যবহার করে কেউ এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করলে তা আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয়দের প্রশ্ন—আইনের চোখ ফাঁকি দিয়ে কতদিন চলবে এই প্রভাব বিস্তার ও দাপটের রাজনীতি? টিলাগড়-মিরাপাড়ার বাসিন্দারা এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।