প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা-ছেলের শরীর
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে দুর্বৃত্তের ছোঁড়া অ্যাসিডে ঝলসে গেছে মা ও শিশু সন্তানের শরীরের বিভিন্ন অংশ। এখন তারা ওসমানীর বেডে দুর্বিসহ জীবন যাপন করছেন। বৃহস্পতিবার (১৪ মে) মোগলাবাজার থানায় এমন অভিযোগ দায়ের করেছেন সুনামগঞ্জের ছাতক থানার সঞ্জবপুর এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. এমরান মিয়া (৪৩)। অ্যাসিড সন্ত্রাসের শিকার তার স্ত্রীর নাম খাদিজা বেগম (৪০) ও ছেলে ১১ বছর বয়সী বায়েজিদ আহমদ।
অভিযোগে তিনি দায়ী করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের শিববাড়ী পৈত্যপাড়ার আব্দুল মান্নান মোল্লার ছেলে জিয়াউর রহমান (৪০), লালমাটিয়া ষাটঘর এলাকার আলকাছ মেম্বারের ছেলে রাসেল আহমদ (৩৫) ও দক্ষিণ সুরমা থানার জৈনপুর চান্দাই এলাকার সুনু মিয়ার ছেলে সুজনকে (৩০)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি পেশায় একজন দিনমজুর এবং গত ৭ মাস ধরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের লালমাটিয়া ষাটঘর এলাকায় পর্তুগাল প্রবাসী নোমান খানের ভূমিতে স্ত্রী সন্তান নিয়ে বসোবাস করছিলেন। দিনমজুরির পাশাপাশি তিনি ওই প্রবাসীর জমিজমার দেখাশোনা করেন। কিন্তু অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে প্রবাসীর ওই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছিলেন এবং তারা বারবার তাদের উচ্ছেদের হুমকিও দিয়ে যাচ্ছিলেন। কোনো প্রতিবাদ করলে তারা মারতে উদ্যত হন।
এ অবস্থায় গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি পান খেতে পাশের দোকান গিয়েছিলেন। ফিরে আসার সময় তার ঘরের পাশ থেকে ওই তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে দৌড়ে যেতে দেখেন। আতঙ্কিত হয়ে ঘরে ফিরে দেখেন স্ত্রী খাদিজা ও ছেলের শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে। ঘরে প্রবেশ করে মোবিলের বোতল ও প্লাস্টিকের ছোটো গ্লাস মেঝেতে পড়েথাকতে দেখেন। এসময় তোষক পোড়ার গন্ধও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে স্ত্রী ও ছেলেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনির হোসেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে আমরা তাদের দেখে এসেছি। এ ব্যাপার আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এমরান অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।