প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
ওসমানীনগরের তাজ উদ্দিনের ঐতিহাসিক বিজয় বার্মিংহামের লজেলসজুড়ে আনন্দের জোয়ার
ইব্রাহিম খান ইমন ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
বার্মিংহামের লজেলস (Lozells) এলাকার মানুষের দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থার প্রতিফলন ঘটল এবারের নির্বাচনে। মোট ১,৪০৬ ভোট পেয়ে এক বিশাল এবং ঐতিহাসিক জয় অর্জন করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ব্রাহ্মণশাসন (উত্তর-কান্দা) গ্রামের কৃতি সন্তান। এই বিজয়ের মাধ্যমে তিনি কেবল নিজের যোগ্যতা প্রমাণ করেননি, বরং কমিউনিটির সেবায় এক নতুন দিগন্তের সূচনা করেছেন। ফলাফল ঘোষণার পর এক আবেগঘন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে লজেলসবাসীর বিজয় হিসেবে উৎসর্গ করেন।
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ওই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠা এই নেতার শিকড় আজও বাংলাদেশে। তার এই সাফল্যে কেবল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরাই নন, আনন্দিত ও গর্বিত তার জন্মস্থান সিলেটের ওসমানীনগর ও দয়ামীরবাসীও।
বিজয়ী ভাষণে তিনি বলেন, "এটি কেবল আমার ব্যক্তিগত জয় নয়, এটি পুরো লজেলস কমিউনিটির জয়। এই ইতিহাস আমরা সবাই মিলে তৈরি করেছি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা প্রচার-প্রচারণা ও দোয়া দিয়ে পাশে ছিলেন, সবার কাছে আমি চিরঋণী।"
তিনি আরও বলেন, লজেলসকে একটি উন্নত ও সুন্দর কমিউনিটি হিসেবে গড়ে তুলতে এবং মানুষের নাগরিক অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
ভোটের ফল ঘোষণার পর থেকেই লজেলস এলাকার স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমর্থকরা মনে করছেন, তার এই বিজয় লজেলসের উন্নয়ন ও সেবামূলক কাজে নতুন গতিশীলতা আনবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।