প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
দক্ষিণ সুরমার জালালপুর বাজারে ট্রাকচাপায় কিশোর নিহত
মিজানুর রহমান,দক্ষিণ সুরমা:
মিজানুর রহমান,দক্ষিণ সুরমা: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। স্থানীয় সুত্রে জানায়ায়, উপজেলার এসএমপির মোগলাবাজার থানাধীন জালালপুর বাজারে ট্রাকচাপায় তুহিন আহমদ (১২) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় জালালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন আহমদ জালালপুর ইউনিয়নের বাদেশপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক গেদন মিয়ার ছেলে। তিনি স্থানীয় “স্বাদ” মিষ্টিঘরে কর্মচারী হিসেবে কাজ করতেন।
জানা গেছে, ঘটনার সময় তুহিন সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি প্রায়ই দিনের বেলায় বাজার এলাকায় সড়কের ওপর পার্কিং করে মালামাল লোড-আনলোড করত। এতে নিয়মিত যানজট সৃষ্টি হতো এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি দেখা দিত।
স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় ট্রাক চলাচল ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রবিবার নিহত কিশোর তুহিনের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।