প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
জগন্নাথপুরের মেয়ে অজন্তা লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত
সিলেট এডিশন ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে আবারও সাফল্যের ধারা বজায় রেখেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজন্তা দেব রায়। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডনের বাকিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত উপ-নির্বাচনে শ্বেতাঙ্গ অধ্যুষিত ভিলেজ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন এই বাঙালি নারী। এবারের জয়ে তিনি আগামী ৫ বছরের জন্য ওই এলাকার প্রতিনিধিত্ব করার জনরায় পেলেন।
অজন্তা দেব রায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় এবং গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
অজন্তা দেব রায়ের রাজনৈতিক ও শিক্ষাজীবনের সাফল্যের পথটি অত্যন্ত বর্ণাঢ্য। দেশে থাকাকালীন তিনি ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিজের মেধার স্বাক্ষর রাখেন। সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী থাকাকালে তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে লন্ডনের ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ার থেকে এমবিএ এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সোয়াস (SOAS) থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
লন্ডনে পড়াশোনার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। একপর্যায়ে তিনি ব্রিটিশ রাজনীতির মূলধারা—লেবার পার্টির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের প্রতি সেবামূলক মনোভাবের কারণে তিনি দ্রুতই দলের মধ্যে আস্থার জায়গা তৈরি করে নেন।
মেয়ের এই ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার। অজন্তা দেব রায়ের বাবা জ্যোতির্ময় দেব রায় এক প্রতিক্রিয়ায় বলেন, আমার মেয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সে যেন সততা, দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং ভোটারদের প্রত্যাশা পূরণ করতে পারে, সে জন্য আমরা সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী।
লন্ডনের মাটিতে জগন্নাথপুরের মেয়ের এমন সাফল্যে স্থানীয় ও প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।