উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনজীবীদের শুধু অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিলে চলবে না; বরং আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, একজন আইনজীবী যত বেশি আইন জানবেন, বিচারকদের কাছে তিনি তত বেশি গুরুত্ব পাবেন এবং পারস্পরিক পেশাগত সম্পর্কও উন্নত হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের আইন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
বুধবার (৬ মে) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত ২০২৬ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক এবং সহ-সেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন আইনজীবী অংশগ্রহণ করেন এবং তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রকীব।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অ্যাডভোকেট মো. আব্দুল গফফার। আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট সোনিয়া জেরিন, অ্যাডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন, অ্যাডভোকেট নাজমুল হুদা ও ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী।
নবীন আইনজীবীদের পক্ষে বক্তব্য দেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও অ্যাডভোকেট মনিরা আফরিন বন্যা। ইসলামী সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, আইনজীবী, চিকিৎসক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।