প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী হোসাইন আহমদ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে চাঁন্দাই পশ্চিম পাড়া পিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাওয়ার পথে আক্তার মিয়ার ঘরের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে।
অভিযোগে বলা হয়, মোটরসাইকেল থেকে নেমে একজন যুবক শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং অপরজন নারীর গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং কান থেকে দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর নারী ও শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও অভিযোগে বলা হয়েছে। এই ঘটনার পর সিলাম এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমরা ফুটেজ সংগ্রহ করছি, ছিনতাইকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।