প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
গণভোটের রায় বাতিলের সিদ্ধান্ত বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে: শিশির মনির
সিলেট এডিশন ডেস্ক
সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের যারা রক্ষা করতো তাদেরকে তারা রক্ষা করতে পারে না| ফলে এর পরিনতি তাদেরকেই বরণ করতে হয়| ১৯৭৫ সালে বিএনপিকে যারা ক্ষমতায় আনার পথ তৈরী করেছিল বিএনপি তাদেরা রক্ষা করতে পারেনি| এবারো ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা বিএনপিকে ক্ষমতায় আনার সুযোগ করে দিয়েছিলো তাদেরকেও তারা রক্ষা করতে চায় না| এজন্য তাদেরকে ভবিষ্যতেও তাদের কঠোর মুল্য দিতে হবে| কারণ জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের সিদ্ধান্ত বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে|
বুধবার (৬ মে) বিকেলে ‘জুলাই ঐক্য’ সিলেট আয়োজিত বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গৃহিত গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ‘গণরায় বাস্তবায়ন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন| এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. ইসমাঈল পাটোয়ারী| এতে শিশির মনির আরও বলেন, আমাদেরকে এখন কোনটা সংস্কার কোনটা সংশোধন সেটা শেখানো হচ্ছে| অথচ জুলাই সনদের প্রথম কথাই হচ্ছে সংস্কার| সেখানে স্পষ্ট বলা আছে গণভোটে হ্যা বিজয়ী হলে জাতীয় সংসদের পাশাপাশি নির্বাচিত সংসদ সদস্যগণ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন|
১৮০ কার্যদিবসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন হবে| এছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে| কিন্তু বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে| তারা আবার সেই কথা বড় গলায় সংসদেও তুলে ধরছে| পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রী বলছেন- ঐসময় জুলাই সনদে স্বাক্ষর না করলে যদি নির্বাচন না দেয়, তাই রাজী হয়েছিলাম| একজন মন্ত্রী পার্লামেন্টে এমন মিথ্যা প্রতারণামুলক বক্তব্য দিতে পারে না| এই ঘটনা বিশ্বের অন্য কোন দেশে হলে ইতোমধ্যে তাকে পদত্যাগ করে চলে যেতে হতো|
অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও যদি ক্ষমতার ভারসাম্য রক্ষা করা না হয় তাহলে দেশে ৫ বছর পর অটোমেটিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে| এর বিপরীতে ফের গণঅভ্যুত্থান হবে| সম্প্রতি প্রধানমন্ত্রী সিলেটে এসেছিলেন| এখানে খাল খননসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন| এগুলো কি প্রধানমন্ত্রীর কাজ? খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ড আছে, খেলাধুলার জন্য ক্রীড়া অধিদপ্তর এবং অবকাঠামোগত উন্নয়নের নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে| প্রধানমন্ত্রীর উচিত সঠিক লোককে সঠিক জায়গায় বসানো| তাহলে অটোমেটিক প্রকল্প বাস্তবায়িত হবে| আর এটাই হবে পরিবর্তন কিংবা সংস্কার|
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড-পাউবো সঠিকভাবে কাজ না করলে সুনামগঞ্জের হাওর রক্ষা করা সম্ভব হবে না| এজন্য পাউবোকে শক্তিশালী করতে হবে| প্রতিষ্ঠান শক্তিশালী না হলে উন্নয়ন নিশ্চিত হবে না এবং গণতন্ত্র ঠেকসই হবে না| রাষ্ট্রের আয় ব্যয়ের সঠিক হিসাব নিশ্চিত করা না গেলে দুর্নীতি বন্ধ করা যাবে না| এজন্যই প্রয়োজন সংস্কার| অন্তর্বর্তীকালিন সরকারের আমলে আমরা দীর্ঘ ৮ মাস ২৭টা দেশের সংসদীয় গণতান্ত্রিক সিস্টেমকে পর্যালোচনা করে জুলাই সনদ প্রস্তুত করেছিলাম| ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপিই প্রথম গণভোটে রাজী হয়েছিল|
যখন জুলাই চার্টার হলো তখন তারা বললেন- এটি কিভাবে বাস্তবায়ন হবে| তখন সংবিধান স্থগিত করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নসহ বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়| তখন তারা বললো- আমরা গণভোটে রাজী আছি| কিন্তু এখন বিএনপি গণভোটের রায়কেই বাতিল করে দিয়েছে| এজন্য তাদের জন্য খারাপ পরিনতি অপেক্ষা করছে| আমাদের বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে- তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিবেন| অন্যথায় ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না| কারণ এদেশে আবারও গণঅভ্যুত্থান হবে|
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. ইসমাঈল পাটোয়ারী বলেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছিল ধীরে ধীরে সেই সপ্ন পূরণের সকল পথ বন্ধ করা হচ্ছে| জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারের উচিত ছিল সর্বাধিক গুরুত্ব দিয়ে জুলাই আকাঙ্খাকে বাস্তবায়ন করা| কিন্তু তারা উল্টো পথে হাটঁছেন| মেধা ও যোগ্যতাকে বাদ দিয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমুহকে ধ্বংস করা হচ্ছে| এই ধরণের কর্মকাণ্ড শুধু জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরিপন্থীই নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদের দিকে ধাবিত করে|
তিনি বলেন, আমরা দেখলাম সরকারের প্রধানমন্ত্রী বলছেন বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করবে| আবার সংসদ অধিবেশনে দেখলাম সরকারের মন্ত্রী বলছেন তখন যদি নির্বাচন না দেয় সেই আশঙ্কা থেকে বাধ্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম| জনগণ তাহলে কোনটা বিশ্বাস করবে| সরকারের পক্ষ থেকে সেটা পরিস্কার করে বলা উচিত| গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেয়া রায়কে উপেক্ষা করা উচিত নয়| জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়ন করা|
অন্যথায় দেশে ফের ফ্যাসিবাদ কায়েম হবে| ছাত্র-জনতা মাঠে নামলে আবারো গণঅভ্যুত্থান হতে পারে| জুলাই ঐক্য সিলেটের অন্যতম সমন্নয়ক সিলেট জেলা বারের আইনজীবী মোহাম্মদ আব্দুর রবের সঞ্চালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, এনসিপি সিলেট মহানগর যুগ্ম আহ্বায়ক নেসারুল হক চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা দেলোয়ার হোসেন শিশির|
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জুলাই ঐক্য সিলেটের প্রধান সমন্নয়ক ড. নূরুল ইসলাম বাবুল| বক্তব্য রাখেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারের অধ্যক্ষ গোলাম রব্বানী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমদ ও সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মিসবাহ উদ্দিন|
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাপতি মাসউদ খান বলেন, প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে রায় দিয়ে হ্যা ভোট দিয়েছে| সুতরাং ৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করলে বিএনপি সরকার জাতির সাথে প্রতারণা করবে| তা তাদের ধবংস ডেকে আনবে| জুলাই আকাঙ্খা পরিপন্থী কোন সিদ্ধান্ত বিএনপি এবং দেশের জন্য মঙ্গলজনক হবে না| সরকার যত দ্রুত এটা অনুধাবন করবে ততই তাদের জন্য ভালো|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।