প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সিলেট এডিশন ডেস্ক
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে| বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান| গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়| এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়| পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়| প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়|
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে| আমি তাঁর প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি|” তিনি আরও বলেন, “দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে| জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের কল্যাণে কাজ করছে| একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন|” এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা|উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এই আয়োজন একটি দীর্ঘদিনের ঐতিহ্য| প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়|
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।