প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
কানাইঘাটের হান্নান হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হান্নান হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (৪ মে) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজারের দক্ষিণ চরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কয়েছ উদ্দিন (২৮) ডাউকেরগুল এলাকার আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েছের পক্ষের লোকজন হান্নানের ভিটায় আক্রমন করে। তারা তার ঘরে প্রবেশ করে ঘুমন্ত হান্নানের উপর হামলা চালায়। তারা তার হাতপা বেঁধে তাকে রক্তাক্ত জখম করে। পরে ঘরের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। হান্নানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা (নং ৮/১২/১১২৫) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং কয়েছকে গ্রেপ্তারে সক্ষম হয়। তাকে কানাইঘাটন থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।