প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
সিলেটে সাংবাদিককে জড়িয়ে অপপ্রচার, থানায় জিডি
সিলেট এডিশন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ নিরাপত্তা নিয়ে শঙ্কা
সিলেটে এক নারী সাংবাদিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লাকী আক্তার (৩১) সিলেট সদর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি সূত্রে জানা যায়, লাকী আক্তার দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরোচীফ এবং জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে থাকেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক লাকী আক্তারের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেন।
এতে তার পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং অপপ্রচার অব্যাহত রয়েছে। ফলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে সিলেট সদর কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।