প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে মুসল্লি খুন অভিযুক্ত গ্রেফতার
স্মরন সিং,জেলা প্রতিনিধ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজরত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. জসিম উদ্দিন (৩২) নামাজ চলাকালে একই গ্রামের বাসিন্দা বৃদ্ধ হাফিজ উল্লাহ (৮০)-এর ওপর হঠাৎ হামলা চালায়। তিনি কলম দিয়ে চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দিলে হাফিজ উল্লাহ মসজিদের ভেতরে গুরুতর আহত হয়ে পড়ে যান। এতে তার দাঁত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় মুসল্লিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
অভিযুক্ত জসিম উদ্দিন পশ্চিম লইয়ারকুল গ্রামের শওকত আলীর ছেলে এবং নিহত হাফিজ উল্লাহ একই গ্রামের মৃত মফস উল্লাহর ছেলে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জসিম উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই সজীব চৌধুরী।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। সে বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে জসিম উদ্দিন বাকিতে মালামাল নিতেন। এ নিয়ে আগের দিন (শনিবার) তাদের মধ্যে বকেয়া টাকা নিয়ে বিরোধ হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।