প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আওতাধীন শাহপরাণ থানার পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই দুই ডাকাত সিলেট জেলাজুড়ে চুরি-ডাকাতির করে বেড়াতেন। তাদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় ১০-১২টি করে চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক। গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামের মতৃ আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ (৩২) ও দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার আবদুল মতিন ওরফে আবদুল করিমের ছেলে আবদুর রহিম তিতন (৪০)।
ওসি জানান, জিহাদ উদ্দিন জাহেদের বিরুদ্ধে এসএমপির জালালাবাদ থানায় ১টি চুরির, বিয়ানীবাজারে ১টি ডাকাতি, গোলাপগঞ্জে ১টি ডাকাতি ও ১টি ডাকাতির প্রস্তুতির, জকিগঞ্জে ১টি চুরির, ১টি ডাকাতির ও ১টি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
এছাড়া আবদুর রহিম তিতনের বিরুদ্ধে এসএমপির মোগলাবাজার থানায় চুরির ৪টি, শাহপরাণ থানায় ডাকাতির ১টি, কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতির ২টি, দক্ষিণ সুরমা থানায় চুরির ১টি, গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি ও অস্ত্র আইনে ১টি মামরা রয়েছে। আন্তঃজেলা ডাকাত দলের ওই দুই সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত সবকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।