প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
খাদিমনগরে একাধিক এলাকায় ইয়াবা ব্যবসা ও জুয়ার অভিযোগ ধ্বংসের মূখে যুবসমাজ
স্টাফ রিপোর্টার:
“মাদককে না বলুন, যুবসমাজকে রক্ষা করুন”—এই আহ্বান সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা ও অনলাইন জুয়ার বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে তরুণ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।
অভিযোগে জানা যায়, খাদিমনগর, শাহপরান এলাকাসহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ইয়াবার পাইকারি ও খুচরা বেচাকেনা চলছে। বিশেষ করে শাহপরান মাজার শরিফ সংলগ্ন মাঠ, পুকুরপাড়, আবাসিক হাউজিং এলাকা এবং টিলা অঞ্চলে এসব কার্যক্রম বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, উসমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম, বহর কলোনি, ১৪ নম্বর ঘর কলোনি ও মির মহল্লা এলাকায় রাতের আঁধারে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠে এসেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েকজন চিহ্নিত ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, তারা ভাড়াটিয়া লোকজন ও নারী ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি সমাজকে ধ্বংস করে। তাই এখনই সময়—প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা বাড়ানো এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।