প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
গরিবের বন্ধু লন্ডন প্রবাসী ড. হাজ্জ্বী শাহ্ আলমের মানবিক কার্যক্রম
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী সমাজসেবক ও রুহি ফাউন্ডেশনের উপদেষ্টা ড. হাজ্জ্বী শাহ্ আলম মানবিক কাজের জন্য এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রায় ২৮ বছর আগে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান তিনি। সেখানে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করে একটি সরকারি চাকরির পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। প্রবাসে থেকেও নিজ জন্মভূমির মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
ড. শাহ্ আলম জানান, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে নিজের উপার্জনের একটি বড় অংশ মৌলভীবাজার জেলার অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা-বাগানে অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, মসজিদ ও মন্দিরে অনুদান, কবরস্থানে সহায়তা, বন্যাকালীন খাদ্য বিতরণ, ঘর মেরামতের জন্য টিন ও বাঁশ প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
এছাড়াও খেলাধুলার উন্নয়নে ট্রফি, জার্সি ও ফুটবল বিতরণ, গরিব পরিবারের বিয়েতে খাদ্য সহায়তা, এবং সংকটকালীন সময়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছেন তিনি। বস্তি এলাকায় মসজিদ ও শিশুদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তার অবদান উল্লেখযোগ্য।
রুহি ফাউন্ডেশনের সদস্য সৌরভ বীন বলেন, “ড. হাজ্জ্বী শাহ্ আলম সবসময় চা-শ্রমিক জনগোষ্ঠীর কল্যাণে চিন্তা করেন এবং তাদের পাশে দাঁড়ান।”
চাম্পারায় চা বাগানের ধীরেন ব্যানার্জি জানান, “বন্যার সময় আমাদের বাগানের মানুষ তার কাছ থেকে অনেক সহায়তা পেয়েছে।” পাত্রখোলা চা বাগানের লিটন গঞ্জু বলেন, “কমলগঞ্জসহ পুরো মৌলভীবাজার জেলার মানুষ তার এই মানবিক কাজগুলো চিরদিন স্মরণ করবে।” ড. হাজ্জ্বী শাহ্ আলম সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, তিনি যেন আজীবন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে পারেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।