প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫
গোমস্তাপুরে অটোভ্যান চালক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
সিলেট এডিশন ডেস্ক
মোঃ হেলাল উদ্দীন:: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আক্কেলপুরের রোকনপুরে অটোভ্যান চালক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর, ২০২৫) উপজেলার রাধা নগর ইউনিয়নের আক্কেলপুর হাইস্কুল মাঠে সকাল ১০ টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সকল সদস্য অংশগ্রহন করেন। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইসমাইল হোসেন।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি জেলা সমবায় অফিসার জনাব মুখলেসুর রহমান বিশেষ কারণে উপস্থিত না হতে পাড়ায় প্রধান অতিথির বক্তব্য দেন রাধা নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মতিউর রহমান।বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাধা নগর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সদস্য জনাব মিঠুন, এবং স্থানীয় সাংবাদিক মোনাইম বিল্লাহ ও অভিজিত শীল।
বক্তারা বলেন, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমবায় সমিতি তার সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। রোকনপুর অটোভ্যান চালক সমবায় সমিতিকে এই লক্ষ্য অর্জনে আরও সচেষ্ট হতে হবে।
সমিতির সভাপতি ইসমাইল হোসেন তার বক্তব্যে গত এক বছরের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, সদস্যদের সম্মিলিত শক্তিই সমিতির মূল চালিকাশক্তি।
সফলভাবে বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ায় সমিতির নেতারা এবং সদস্যরা আশা প্রকাশ করেছেন যে আগামী বছরগুলোতে সংগঠনটি আরও গতিশীল হবে এবং সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।