প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
গোয়াইনঘাটে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম এ জুনেদ,গোয়াইনঘাট (সিলেট):
গতকাল সোমবার (২০শে এপ্রিল) গোয়াইনঘাটের পাঁচপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ক্লিনিকের বিদ্যমান সেবা, চাহিদা, রোগীদের সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য অহিদ উল্লা, কোওর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সাদ উল্লাহ, সেক্রেটারি খায়রুল আলম, সমাজকর্মী অপুল দাস মনন, সমাজকর্মী দেলওয়ার হাসান, ক্লিনিকের CHCP তাহেরা বেগম, ডা. সিরাজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে ওষুধ সরবরাহ, মাতৃস্বাস্থ্য সেবা, শিশু ও বয়স্কদের নিয়মিত চিকিৎসা এবং জরুরি সেবা জোরদার করা জরুরি। উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিতদের মতামতের ভিত্তিতে ক্লিনিকের অবকাঠামো, ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।