প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
বই বিক্রির ঘটনায় দিরাইয়ে তো ল পা ড় শিক্ষার্থীদের মানববন্ধন
সিলেট এডিশন ডেস্ক
দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাইয়ে ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ভাঙারির কাছে কেজি দরে বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পৌর শহরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই পৌরসভার বাগবাড়ী এলাকায় অবস্থিত মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা নতুন বই বিক্রির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র সোহান আহমদ, আজহারুল ইসলাম, নবম শ্রেণির ছাত্র আব্দুল রাজ্জাক এবং এসএসসি পরীক্ষার্থী আজমান আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বই বিক্রির অপরাধে মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম, তার সহযোগীসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মানববন্ধনের আয়োজন করেছেন। তারা আরও অভিযোগ করেন, মাদ্রাসার শিক্ষকরা তাদের এই কর্মসূচিতে সহযোগিতা না করে বরং সুপার মহোদয় ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ না করতে হুমকি দিয়েছেন। তারা সুপার মহোদয়ের এ আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাকে প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ এপ্রিল) দিরাইয়ের মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বিনামূল্যে বিতরণের বই কেজি দরে এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে আটক হন মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম। পরে স্থানীয়রা পুরাতন বাগবাড়ি গ্রামের ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে দপ্তরীর বিক্রি করা প্রায় ৩০০ কেজি পাঠ্যপুস্তক উদ্ধার করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত বই উপজেলা প্রশাসন জব্দ করে এবং এ ঘটনায় দপ্তরী শহীদুল ইসলাম ও মইনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।