প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
সিলেটে র্যাবের অভিযানে ৯ মামলার আসামি ‘টাইগার জামাল গ্রেপ্তার
সিলেট এডিশন ডেস্ক
হত্যা, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত—দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল র্যাবের
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও অপরাধ চক্রের অন্যতম সদস্য হিসেবে পরিচিত ‘টাইগার জামাল’-কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন সার্কিট হাউস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
সোমবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার হওয়া জামাল ওরফে টাইগার জামাল (৩০) সিলেট নগরীর মজুমদারপাড়া এলাকার জাহের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
র্যাব সূত্র জানায়, টাইগার জামালের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিসহ গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।