প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
হাওরে শ্রমিক সংকট সুনামগঞ্জের তিন শুল্ক স্টেশন বন্ধ
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে যাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলনও বন্ধ রাখা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু। জানা গেছে, ইতিমধ্যে তাহিরপুর উপজেলায় বোরো ধান কাটার মৌসুম চলছে। ফলে অনেক হাওরে দেখা দিয়েছে শ্রমিক সংকট। তা নিরসনে শনিবার দুপুরে তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও উপজেলার তিনটি স্থল শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও এবং বাগলী দিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিনব্যাপী পুরো উপজেলায় মাইকিং করা হয়েছে। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী খসরুল আলম বলেন, হাওরের ধান কাটায় শ্রমিক সংকট দূর করতেই তিনটি স্থল শুল্ক স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১০ হাজার শ্রমিক ধান কাটার কাজে যুক্ত হবেন। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, হাওরে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত বড়ছড়া, চারাগাঁও ও বাগলী স্থল শুল্ক স্টেশনে কয়লা ও চুনাপাথর পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি যাদুকাটা নদীতে বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।