প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
দক্ষিণ সুরমার এম সাইফুর রহমান পার্কে পর্যটকদের উপর হামলার অভিযোগ, আহত -৬
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত এম সাইফুর রহমান পার্ক-এ বেড়াতে আসা এক প্রবাসী পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পার্কের কিছু কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগ অনুযায়ী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন এক প্রবাসী পরিবার। এ সময় পার্কের ভেতরে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় আহত আশরাফুল ইসলাম বিলাল জানান, কোনো কারণ ছাড়াই তাকে এবং তার ফ্রান্সপ্রবাসী ভাইকে বেধড়ক মারধর করা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমাদের অপরাধ কী? পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসা কি অপরাধ? মানুষ চোরকেও এভাবে মারধর করে না।” তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা শুধু পুরুষদেরই নয়, পরিবারের নারী সদস্যদের উপরও শারীরিক নির্যাতন চালায়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। একটি বিনোদন কেন্দ্রে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
ঘটনার বিষয়ে পার্ক কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। (চলমান...)
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।