উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এই ভাঙা অংশের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক, সিএনজি-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। তবে এই চিত্র শুধু পাঁচপাড়া বাজারের নয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, বালাগঞ্জ সদর থেকে শুরু করে ওসমানপুর, বোয়ালজুর হয়ে তাজপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা।
বর্ষা মৌসুমে সড়কের বেশিরভাগ অংশ হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে যায়। এতে বালাগঞ্জ বাজারসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। শুকনো মৌসুমেও এই গর্তের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
পাঁচপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জাবেদ মিয়া বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। পুরো রাস্তাটাই ভাঙা। রিকশা, সিএনজি উল্টে গিয়ে অনেকেই আহত হচ্ছেন। বাজারে মালামাল আনতেও সমস্যা হচ্ছে।”
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রোগী ও প্রসূতি নারীরা। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো হাসপাতালে পৌঁছানো যাচ্ছে না।
ওসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব কামরুজ্জামান সিদ্দিকী খোকন বলেন, “তাজপুর-বালাগঞ্জ সড়কটি এই এলাকার লাইফলাইন। শুধু পাঁচপাড়া না, পুরো রাস্তাটাই নষ্ট। এর ওপর দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানাসহ সব সরকারি দপ্তরে যেতে হয়। আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো কাজ হচ্ছে না।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বালাগঞ্জ থেকে তাজপুর পর্যন্ত পুরো সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। তারা অবিলম্বে পুরো সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।