প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
জামালপুরে চুরির অপবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সিলেট এডিশন ডেস্ক
মোঃ সুমন মিয়া,জামালপুর:: জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নিরীহ পরিবারকে ‘চোর’ অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরবর্তীতে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ভুক্তভোগী পরিবারের আয়োজনে শহরের একটি মিডিয়া হাউসের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মজিবুর রহমান মন্ডল জানান, ১সপ্তাহ আগে একটি গরু চুরির ঘটনায় সাপধরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের চাচাত ভাইসহ দুইজন আত্মীয়কে গরু সহ হাতেনাতে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এর ৫ দিনপর পুর্বশত্রুতার জের ধরে জামিনে বের হয়ে আব্দুল ওয়াদুদের নেতৃত্বে আমার ছেলে আমিরুল ইসলাম আমিরের উপর চুরের মিথ্যা অপবাদ দেওয়ার জন্য গ্রাম্য শালিস বসায় এবং আমার ছেলে চুরি করছে বলে আমাদের কাছ থেকে জোর পুর্বক সই নেয়। আমার ছেলে অনেকদিন যাবত ঢাকায় অটোরিকশা চালায়। কিন্তু এমন চুরের অপবাদ দিয়ে তাকে কয়েকদিনের মধ্যে বাড়িতে আসতে বলে এবং হুমকী প্রদান করে যে আমাদের নামে মামলা দিবে।
আমরা দীর্ঘকাল ধরে এই এলাকায় সম্মানের সাথে বসবাস করে আসছি। আমাদের বিরুদ্ধে আনীত চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমাদের জমিজমা ও সম্পদ গ্রাস করার হীন উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করেছে প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ও তার লোকজন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী পরিবারটি এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেতে জামালপুর জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।