উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক:: সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী সারা দেশে সন্ধ্যা ৬টার মধ্যে সকল দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও সিলেটে সেই নির্দেশনা মানা হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে। শহরের বিভিন্ন বিপণীবিতান নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেলেও বেশ কিছু সুপারশপ রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, নগরীর পরিচিত সুপারশপ যেমন—ফিজা, পিউরিয়া, ফুলকলি, স্বপ্ন, মধুবন, স্বাদ, ও পানসিইনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন সরকারের সিদ্ধান্তের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ ও অসন্তোষ। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করেন, “আমরা নিয়ম মেনে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ করি। কিন্তু বড় বড় সুপারশপগুলো যদি রাত পর্যন্ত খোলা থাকে, তাহলে আমাদের সাথে বৈষম্য সৃষ্টি হয়।”
এ বিষয়ে সচেতন মহল বলছে, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।