প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ
সিলেট এডিশন ডেস্ক
গোয়াইনঘাট,থেকে এম এ জুনেদ:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির উদ্যোগে হতদরিদ্র চা-বাগান সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে স্ল্যাব-ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার তাসনিম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, জাফলং চা-বাগানের ব্যবস্থাপক শাহাব উল্লাহ সরকার এবং ইউপি সদস্য শৈলেন দেব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলি তেরেসা কোস্টা।
বক্তারা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারের গুরুত্ব, ল্যাট্রিনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং এটি পরিবার ও সমাজে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলে-তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, চা-বাগান ছাড়াও উপজেলার অন্যান্য পিছিয়ে পড়া এলাকায় ২০২৬ সালের মধ্যে মোট ১৬৫টি স্ল্যাব-ল্যাট্রিন বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে জাফলং চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৫৫টি ছাতা বিতরণ করা হয়। ‘৫ জিরো+’ লক্ষ্যের আওতায় এ উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম নিরসন, ঝরে পড়া রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির কার্যক্রম জোরদার করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকলে চা-বাগান এলাকার মানুষের স্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।