প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
শেষ ম্যাচে ভালো করার প্রত্যাশা করে বাংলাদেশের প্রশংসায় যা বললেন আফগান কোচ
সিলেট এডিশন ডেস্ক
অডিশন স্পোর্টস ডেস্ক:: এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এরই মধ্য দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তানের সঙ্গে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগাররা। এর আগে দু’দলের দেখায় কখনোই টানা তিন ম্যাচে হার দেখেনি রশিদ খানরা, বরং জিতেছে টানা চার ম্যাচে। তৃতীয় এবং শেষ ম্যাচে ভালো করার প্রত্যয়ের কথা জানানোর আগে বাংলাদেশের প্রশংসাও করলেন আফগান ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক।
শারজাহতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৭ রান তোলে আফগানিস্তান। রান তাড়ায় ২ উইকেট আর ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দু’দলের মধ্যকার মুখোমুখি লড়াইয়েও এগিয়ে গেছে টাইগাররা। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ১৫ ম্যাচে ৮টিতে জয় বাংলাদেশের, ৭টিতে জিতেছে আফগানরা। ম্যাচশেষে আফগানিস্তান ব্যাটিং কোচ পুটিক বলেন, ‘আগামীকাল আমরা আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কী ঠিক করেছি, কোথায় ভুল করেছি। ফিল্ডিংয়ে আজ ভালো করেছি। বোলিংয়েও চেষ্টা করে গেছি। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারাও প্রতিরোধ গড়ে গেছে।
তারা ভালো দল, দারুণ এক্সিকিউট করেছে। তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। আমরা সেখানে পিছিয়ে ছিলাম। নিশ্চিত করতে হবে যেন শেষ ম্যাচে আমরা ভালো করতে পারি।’ রান তাড়ায় দলীয় ১২২ রান থেকে ১২৯ রান পর্যন্ত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। সেখানে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান নুরুল হাসান সোহান (২১ বলে ৩১*)। তাকে দারুণভাবে সঙ্গ দেন ১০ নম্বরে নামা শরিফুল ইসলাম (৬ বলে ১১*)। দু’জনের অপরাজিত জুটিতেই জয় তুলে নেয় টাইগাররা। সোহানের দায়িত্বশীল ফিনিশিংয়ের প্রশংসা করে পুটিক বলেন, ‘সে (সোহান) এসে দারুণ করেছে।
তার পরিকল্পনা ছিল। চাপের মধ্যেও পরিকল্পনাটাকে সে দারুণভাবে কাজে লাগিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে। বোলিংয়েও ভালো করেছে, ব্যাটিংয়েও ভালো করেছে। ৪০ ওভারজুড়ে আমরা বেসিক কিছু ভুল করেছি।’ বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের আগে এশিয়া কাপের দেখাতেও জয় তুলে নেয় টাইগাররা। চলতি সিরিজে সেই হারের প্রভাব নিয়ে আফগান কোচ বলেন, ‘এশিয়া কাপের আগেও বাংলাদেশের বিপক্ষে অনেক খেলেছি। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল।
তবে বাংলাদেশ এখন ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের দক্ষতায় বিশ্বাসী। বিষয়গুলো কাজে লেগেছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকতে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।’
অন্যদিকে, ম্যাচের পর আক্ষেপ প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। তার মতে, পরিস্থিতি বুঝে বড় শট খেলতে পারেনি সতীর্থরা। রশিদ বলেন, ‘শুরুতে উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তবে একেবারে ষষ্ঠ গিয়ারে উঠে বড় শট খেলা শুরু করার পর আর চতুর্থ, পঞ্চম গিয়ারে ফিরতে পারিনি। বড় শট খেলতে থাকলেও, পরিস্থিতি বুঝে শটের ভারসাম্য আনাটাই মূল বিষয়।’ ম্যাচ হারলেও নিজেদের ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট রশিদ।
এ বিষয়ে আফগান অলরাউন্ডার বলেন, ‘আমার মতে, আজকে অন্তত একটি ইতিবাচক দিক ছিল, তা হলো আমাদের ফিল্ডিং। আমরা যা চেয়েছিলয়াম, সেটি করতে পেরেছি। তবে রান তুলতে কিছুটা পিছিয়ে যাই।’ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।