প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
রাজন আহমদ,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় নির্মিত দেয়াল ভাঙচুর ও দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সাদীপুর ইউনিয়নের নুরপুর গ্রামে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জিলু মিয়া ক্রয়সূত্রে ১৯ শতক জমির মালিক। অপরদিকে একই মৌজার ৫২৪ নম্বর দাগের জমিতে পারিবারিক উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করে আসছেন আব্দুর রহমানের নাতি শিপন, যিনি ওই জমির ৯ শতাংশের মধ্যে ২ শতাংশ মালিকানা দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
ভুক্তভোগীর পক্ষের অভিযোগ, গত ২১ মার্চ গভীর রাতে অভিযুক্ত একাধিক মামলার আসামি আওয়ামিলীগ নেতা ইয়াওর মিয়া ও তার সহযোগী ১৫-২০ জন ভাড়াটে লোকজন নিয়ে জমিতে নির্মিত সীমানা দেয়াল ভেঙে ফেলে। একই সঙ্গে সেখানে থাকা একটি দোকানঘরে তালা লাগিয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, ঘটনার আগে অভিযুক্তরা চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয়েছে।
এ ঘটনায় প্রবাসী জিলু মিয়ার ভাতিজা নুশেদ আহমদ বাদী হয়ে ১৮ জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী নুশেদ আহমদ বলেন, আমার চাচার বৈধভাবে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। তারা দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় গভীর রাতে দেয়াল ভেঙে ফেলে এবং দোকানে তালা লাগিয়ে দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
অভিযুক্ত ইয়াওর মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আমাদের বৈধ দাবি রয়েছে। আমরা কোনো চাঁদা দাবি করিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।