প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
কমলগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে চা শ্রমিক কন্যার মৃত্যু, হাসপাতালে শ্রমিকদের বিক্ষোভ
সিলেট এডিশন ডেস্ক
কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ভুল চিকিৎসার অভিযোগে ঐশী রবিদাস (১৪) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে শমশেরনগরের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত ঐশী রবিদাস শমশেরনগর চা বাগানের চা শ্রমিক বাবুল রবিদাসের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, মাথাব্যথা ও বমি নিয়ে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা।
এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে কয়েকশ শ্রমিক হাসপাতালটি ঘেরাও করেন। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে হাসপাতালের ইনচার্জ লিখিতভাবে পদত্যাগ করেন এবং তাকে পুলিশি নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, রোগীর অবস্থা গুরুতর হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়নি, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। এছাড়া ক্যামেলিয়া হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থার কথাও তুলে ধরেন তারা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের ভুল চিকিৎসা করা হয়নি।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।