প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
ম্যাচসেরার পুরস্কারের অর্থ অসহায়দের দেবেন শরিফুল
সিলেট এডিশন ডেস্ক
অডিশন স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বলের পর ব্যাটেও দারুণ অবদান রাখেন শরিফুল ইসলাম। পরে ম্যাচসেরার পুরস্কার ওঠে এ টাইগার পেসারের হাতেই। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরিফুল জানিয়েছেন, এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিজের ম্যাচসেরার পুরস্কারের অর্থ নিজের এলাকার অসহায়দের মানুষদের মাঝে বিলিয়ে দেবেন তিনি।
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে দলে জায়গা হয়নি শরিফুলের। শারজাহতে দ্বিতীয় ম্যাচে ফিরে ৪ ওভারে স্রেফ ১৩ রানের খরচে ১ উইকেট তুলে নেন এ ডানহাতি পেসার। দুদলের বোলারদের মিলিয়ে সবচেয়ে বেশি ১৪টি ডট দেন শরিফুলই। পরে ব্যাট হাতে ১০ নম্বরে নেমে নুরুল হাসান সোহানকে দারুণভাবে সঙ্গ দেন তিনি। অপরাজিত জুটিতে শরিফুলের অবদান ৬ বলে ১১ রান।
ম্যাচের পরদিন আজ সকালে এক ফেসবুক বার্তায় শরিফুল লেখেন, ‘১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন।’ এরপর নিজের উদ্যোগের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।’
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।