প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
জনগণের পাশে থাকার অঙ্গীকার—তাহিরপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের
সিলেট এডিশন ডেস্ক
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক পথসভা শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। সভার সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, “আমি এমপি হতে চাই টাকা কামানোর জন্য নয়, জনগণের ভালোবাসা অর্জনের জন্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
তিনি অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েলটি আদায় করা হচ্ছে।
“৫ আগস্টের আগে রয়েলটি ছিল ৫ টাকা, এখন তা ২৫ টাকা আদায় করা হচ্ছে,” উল্লেখ করে তিনি শ্রমিক স্বার্থে নির্ধারিত সীমার মধ্যে রয়েলটি আদায়ের দাবি জানান।
তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।
স্থানীয়রা জানান, পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির প্রতিফলন ঘটিয়েছে। সভায় নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।