প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুমৃত্যু: অবসরপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি নিয়ে প্রশ্ন, নার্স-বয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
সিলেট এডিশন ডেস্ক
ইমাম হোসেন, ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের উপস্থিতি এবং দায়িত্বে থাকা নার্স ও ওয়ার্ড বয়ের আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
শিশুটির বাবা মানিক মিয়ার লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে দীর্ঘ সময় জরুরি বিভাগে চিকিৎসক পাওয়া যায়নি। পরে ডা. রঞ্জন কিশোর চাকলাদার, যিনি একজন অবসরপ্রাপ্ত সাবেক চিকিৎসক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি রোগী দেখেন। এতে প্রশ্ন উঠেছে—একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক কীভাবে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নার্স সংগীতা বিশ্বাস এবং ওয়ার্ড বয় পলাশ দাস চিকিৎসা সেবার পরিবর্তে মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত ছিলেন এবং রোগীর প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেননি। শিশুটির শ্বাসকষ্ট বাড়লেও সময়মতো অক্সিজেনসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়নি বলে দাবি পরিবারের।
পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয় কেউই যথাযথ ব্যবস্থা নেননি। প্রায় সাড়ে তিন ঘণ্টা হাসপাতালে থাকার পর চিকিৎসা না পেয়ে শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ধর্মপাশা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।