প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা নারীসহ আহত-৭ ও লুটপাটের ঘটনায় মামলা রেকর্ড
সিলেট এডিশন ডেস্ক
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইছাকপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ ব্যক্তি গুরুতর আহত ও ঘরবাড়িতে ভাঙচুর ও নগদ টাকাসহ লুটপাটের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪/২৬ তারিখ-১৯/০৩/২০২৬ইংরেজি ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৪২৭/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে বসতবাড়ি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৫-২০ জনের একটি দল বাদীর বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রামদা, লাঠি, লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পরিবারের সদস্যদের জখম করে।
অভিযোগে বলা হয়, হামলার সময় বাধা দিতে গেলে পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে কয়েকজনের মাথা ফেটে যায়, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তারা। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং
ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতিও করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর মেয়ে বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে, থানা কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত কাজ শেষ করে সত্যতা পেয়ে মামলাটি রেকর্ড করা হয়। অভিযোগে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে কাজ চলছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।