প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
পবিত্র শাহপরান মাজার ঘিরে অনিয়ম ও দুর্নীতি: প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
সিলেট এডিশন ডেস্ক
জেলা প্রতিনিধি:: সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড, শাহপরান থানা এলাকায় অবস্থিত পবিত্র হজরত শাহপরান (র.) মাজার শরিফের ভেতর ও আশপাশে চলছে নানা অনিয়ম-দুর্নীতি। মাজারের ভেতরের মাঠ দখল করে প্রকাশ্যে হকার বসানো হয়েছে, যা মাজারের পবিত্র পরিবেশ নষ্ট করছে।
এছাড়া মাজারের পুকুরপাড় ঘেঁষে গরম বিবি হাউজিং এলাকার ভেতরে হজরত শাহপরানের সফরসঙ্গী শেখ কাবুল (র.)-এর মাজার দখল করে অবৈধভাবে বসবাসকারীরা মাদক ব্যবসা, গাঁজা বিক্রি, জুয়া ও তীর খেলার মতো অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে শুধু মাজারের পবিত্রতাই ক্ষুণ্ন হচ্ছে না, বরং আগত অতিথিরাও ভোগান্তিতে পড়ছেন।
অভিযোগ রয়েছে, এসব স্থানে অনিয়ম, দুর্নীতি, দালালি, ছিনতাই, হয়রানি ও নির্যাতনের ঘটনাও ঘটছে। পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দখলদার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ পরিস্থিতিতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রা সিলেট জেলা শাখা। সংগঠনগুলো জরুরি ভিত্তিতে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সুদৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।