প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ বাংলাদেশে ঐকবদ্ধ: মোহাম্মদ কয়ছর আহমদ
সিলেট এডিশন ডেস্ক
আলাল হোসেন,শান্তিগঞ্জ:: সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আওয়ামীলীগ-বিএনপি একটা জায়গায় মিল আছে। আমরা মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে আজ ঐকবদ্ধ। আপনারা আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তারা অনেক উন্নয়ন করেছিলেন। আমি নির্বাচিত হলে তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
রবিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জের উন্নয়ন করায় সাবেক এমপি, মন্ত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে চাই, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেনো এই জায়গাতেই হয়। নির্বাচিত হলে শান্তিগঞ্জ উপজেলায় বাড়ি নির্মাণ করে সাধারণ মানুষের কাছাকাছি থাকবেন বলেও জানান তিনি। তিনি বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে মাসে দু’দিন শান্তিগঞ্জ ও দু’দিন জগন্নাথপুর উপজেলায় কোনো রকমের এপয়েন্টমেন্ট ছাড়াই আমার সাথে সবাই দেখা করতে পারবেন। দয়া করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, বৃহত্তর সিলেট বিভাগের সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপতি করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে পিকআপ, বাস, অটোরিকশায় করে হাজারো মানুষ মিছিলে মিছিলে জনসভায় অংশ নেন। জনসভা শুরু আগ মুহুর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।