প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
লাখাইয়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির দাফন এখই দিনে সম্পন্ন: এলাকায় শোকের ছায়া
সিলেট এডিশন ডেস্ক
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:: হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির দাফন একই দিনে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার উপজেলার পৃথক দুটি গ্রামে জানাজা শেষে তাঁদের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আকস্মিক ও মর্মান্তিক এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের স্তব্ধতা নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি রাতে পিকআপ ভ্যান নিয়ে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে রিপন মিয়া (২৫)। পথে পদ্মা সেতুর নিকটবর্তী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাঁর পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তরুণ এই যুবক। সোমবার বুল্লা গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
অন্যদিকে, গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মুখলিছুর রহমান। ৫ দিন আগে দ্রুতগামী একটি হাইয়েস গাড়ির ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। এরপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার সিংহগ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
একই দিনে দুই গ্রামের দুই ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের মাতম চলছে। নিরাপদ সড়কের দাবি জানিয়ে অনেকেই এই মর্মান্তিক পরিণতির জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।