প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
মোবাইল কলে মুক্তিপণ দাবি, ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার,পরিবারের দাবি—পরিকল্পিত হত্যাকাণ্ড
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: নিখোঁজের তিন দিন পর সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে স্থানীয়রা তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নোমান উদ্দিন উপজেলার মানিকপুর ইউপির পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যান। এরপর সকাল ১১টার দিকে শায়লা স্মৃতি হাসপাতালে প্রবেশের পর থেকেই নিখোঁজ ছিলেন। ওইদিনই পরিবার জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
নিহতের শ্যালক সুমন আহমদ জানান, নিখোঁজের পর অজ্ঞাত একটি নাম্বার থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া চাচাতো ভাইদের সঙ্গে নোমান উদ্দিনের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি। নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করবেন।”
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাত ৯টার দিকে জানান, “ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, ব্যবসায়ী নোমান উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।