প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
ডিসির নির্দেশ অমান্য জাফলংয়ে বালু উত্তোলন-চাঁদাবাজিতে হাবিবুল্লা-মানিক সিন্ডিকেটের দৌরাত্ম্য
সিলেট এডিশন ডেস্ক
বিশেষ প্রতিবেদক :: গোয়াইনঘাটের জাফলংয়ে জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে চলছে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি। স্থানীয়ভাবে হাবিবুল্লা ও মানিকের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট।
একসময় বারকি শ্রমিক ছিলেন তারা। কিন্তু পট পরিবর্তনের পর রাতারাতি কোটি টাকার মালিক বনে গেছেন। বর্তমানে তাদের দখলে রয়েছে একাধিক ড্রেজার মেশিন, সেভ মেশিন, ক্রাশার মিলসহ বিপুল সম্পদ।
শ্রমিকদের অভিযোগ— নদী থেকে সারাদিন কষ্টে বালু তোলার পর জমিদার মসজিদঘাটে এনে পাইকারদের কাছে অর্ধেক দামে বিক্রি করতে হয়। কারণ, প্রতিটি ট্রাক থেকে এক হাজার এবং ট্রাক্টর থেকে পাঁচশ টাকা চাঁদা নেয় সিন্ডিকেট। চাঁদা না দিলে পুলিশ দিয়ে গাড়ি জব্দ করিয়ে দেয়া হয়।
মানিক-হাবিবুল্লার সঙ্গে স্থানীয় পুলিশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরং অভিযানের সময়ও দেখা মেলে তাদের উপস্থিতি।
অবৈধ বালু বাণিজ্য ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ শ্রমিকরা বলছেন, এভাবে চলতে থাকলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।
প্রশাসনের নির্দেশ কার্যকর না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।