প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি ও গাছ কাটার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরাণ (রহ.) থানায় এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও বসতবাড়ির গাছপালা কেটে ফেলার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাহ্পরান (রহ:) থানা জিডি নং ৫০৪/২৬।তারিখ-১০/০১/২৬ইং। জিডিতে উল্লেখ করা হয়, থানায় হাজির হয়ে বহর কলোনি, উসমানী মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা সুজন মিয়া (৩০), পিতা—সুহেল মিয়া; এনাম মিয়া (৩৫), পিতা—মইনউদ্দিন; রহিম হাজারী (৩৯), পিতা—মৃত সুলেমান হাজারী এবং আখতার হোসেন (৩৫), পিতা—মৃত জলিল মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী জানান, তিনি একজন পেশাদার সংবাদকর্মী এবং বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে। এরই জেরে গত ৫ ডিসেম্বর ২০২৫ ইং, আনুমানিক সকাল ১১টার দিকে অভিযুক্তরা তার অনুপস্থিতিতে সিরাজ নগরে অবস্থিত তার বাড়িতে গিয়ে নাম ধরে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ সময় বাড়িতে থাকা তার স্ত্রী কোনো সাড়া না দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বসতঘরের পাশের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে। একপর্যায়ে তারা প্রকাশ্যে চিৎকার করে হুমকি দেয়—রাস্তাঘাটে সুযোগ পেলে তাকে প্রাণে হত্যা করে লাশ গুমসহ বড় ধরনের ক্ষতি সাধন করবে।
পরবর্তীতে বিষয়টি তার স্ত্রী তাকে জানালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেন। তবে অভিযুক্তদের প্রকাশ্য হুমকির কারণে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
এমতাবস্থায়, ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন বলে তিনি আবেদনে উল্লেখ করেন। উল্লেখ্য এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে গত ১১/১২/২০২৫ ইং তারিখে হত্যার হুমকি ও মারামারির বিষয়ে আরেকটি জিডি হয়েছিলো, যাহার নং-৫৮৪/২৫।কিন্তু আজ পর্যন্ত ঐ জিডি আলোর মূখ দেখনি।
এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।