প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
কানাইঘাটে ইয়াবায় আসক্ত নাতির হাতে দাদি খুন
সিলেট এডিশন ডেস্ক
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলায় মর্মান্তিক এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লক্ষীপসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে ইয়াবার টাকার জন্য নাতির কোদালের আঘাতে হারি বেগম নামে এক বৃদ্ধ নারী নির্মমভাবে নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত হারি বেগমের নাতি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালের কোনো এক সময়ে তিনি তার দাদির সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে দাদিকে কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই হারি বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাতিকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
কানাইঘাট থানার ওসি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রাথমিকভাবে জানা গেছে, মাদকাসক্ত নাতি নেশার টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মাদকাসক্তির ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে কঠোর প্রতিরোধ ও সামাজিক সচেতনতার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।