প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
ছাতকে সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে আদালতে মামলা
সিলেট এডিশন ডেস্ক
হাকীম নোমানী, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভূয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আজ রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি'র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির ও একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে আসামী করা হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামীয় ফেইসবুকে মামলার বাদী দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, উত্তরপুর্ব, নিউএজের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালায়। এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয়। মামলার বাদী ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ এনে কোন বক্তব্য বা অনুমতি ছাড়াই আমাদের ছবি ব্যবহার করে অভিযুক্তরা ফেইসবুকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। এতে সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন এবং পেশাগত মর্যাদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আইনি প্রতিকার চেয়ে আদালতে তিনি এ মামলা দায়ের করেছেন।
এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।