প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারিত হবে!.....উপদেষ্টা আদিলুর রহমান খান
সিলেট এডিশন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারিত হবে।
তিনি আজ শনিবার সিলেটে সাংবাদিকদের এই কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।
বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।
আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।
সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান। এসময় তিনি বলেন, যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।
পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটে সিটি কপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।