প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
বড়লেখায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
সিলেট এডিশন ডেস্ক
অজিত রবিদাস(মৌলভীবাজার)বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
অভিযানকালে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মঈনুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।