প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
দোয়ারাবাজারে ফরম পূরণে বাধা; প্রতিবাদে কলেজ অফিসে তালা
সিলেট এডিশন ডেস্ক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কিছু শিক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি টেস্ট পরীক্ষায় পাঁচ, ছয় ও সাত বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মূল এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না—এ মর্মে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি নোটিশ জারি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম। নোটিশ পাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে দশম শ্রেণির শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
দশম শ্রেণির শিক্ষার্থী আলফাজ হোসেন আরিফ অভিযোগ করে বলেন,আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। আমরা সবাই মিলে ম্যাডামের কাছে গিয়ে অনুরোধ করি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। যারা শিক্ষকদের কাছে প্রাইভেট পড়েছে, তাদের পাস দেওয়া হয়েছে। আমরা প্রাইভেট না পড়ায় ফেল দেখানো হয়েছে।
আরেক শিক্ষার্থী মিফতাউল ইসলাম বলেন,ম্যাডামের ঘনিষ্ঠ কয়েকজন স্যারের কাছে প্রাইভেট পড়লেই পাশ করানো হয়। আমরা যারা প্রাইভেট পড়িনি, তাদের ফেল দেওয়া হয়েছে। আমরা পরীক্ষার সুযোগ চেয়ে পায়ে ধরেও অনুরোধ করেছি। কিন্তু রাজি না হওয়ায় ক্ষোভে আমরা তার কক্ষে তালা দিয়েছি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন,যেসব শিক্ষার্থী পাঁচ, ছয় বা সাত বিষয়ে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, তাদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এ কথা আগেই জানানো হয়েছিল। ফরম পূরণ করতে না দেওয়ায় কিছু শিক্ষার্থী আমার কক্ষ তালাবদ্ধ করে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত সুষ্ঠু সমাধানের করেছে অভিভাবকরা।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।