প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নীরবতায় আরও বেপরোয়া লালামাটিতে মান্নান মেম্বার সিন্ডিকেটের চোরাচালান
সিলেট এডিশন ডেস্ক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের লালামাটি এলাকায় প্রশাসনের নজরদারি ও একাধিক অভিযোগের পরও থামছে না চোরাচালান কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মান্নান মেম্বারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।
সীমান্তপথে রাতের আঁধারে অবৈধ পণ্য প্রবেশ
বিশ্বস্ত সূত্র জানায়, ভারত সীমান্ত সংলগ্ন লালামাটি এলাকা ব্যবহার করে নিয়মিতভাবে কম্বল, কসমেটিকস, চিনি, জিরা, কাপড়সহ নানা ধরনের অবৈধ পণ্য রাতের আঁধারে দেশে প্রবেশ করানো হচ্ছে। এসব পণ্য প্রথমে স্থানীয় কয়েকটি দোকান ও গুদামে মজুদ করা হয়, পরে কৌশলে বাজারে সরবরাহ করা হয়।
অভিযোগ রয়েছে, এই পুরো অবৈধ নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে মান্নান মেম্বার সিন্ডিকেট।
সামাজিক মাধ্যমে প্রমাণ, নেই কার্যকর ব্যবস্থা
স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার চোরাচালানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে।
অনেকের অভিযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণেই অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এলাকায় কোনো দৃশ্যমান অভিযান কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় স্থায়ী ও কার্যকর নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়া হলে চোরাচালান কার্যক্রম আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আগামী পর্বে মান্নান মেম্বার ও তার ভাই লোকমানের চোরাচালানের রমরমা ব্যবসা নিয়ে থাকবে নতুন আরেকটি প্রতিবেদন।
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।