প্রিন্ট এর তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষণা
সিলেট এডিশন ডেস্ক
সংবাদ বিজ্ঞপ্তি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ–ওসমানী নগর) বিএনপি মনোনীত প্রার্থী এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি জানান, সিলেট-২ আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনাসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাহসিনা রুশদীর লুনা।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইলিয়াসপত্নী লুনা বলেন, “বিশ্বনাথ–ওসমানীনগরবাসীর ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবার দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, “এম. ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে তাঁর আদর্শকে বুকে ধারণ করে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হবে।”
প্রকাশক ও সম্পাদক: কামরুল হাসান জুলহাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।